আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করছে সারাদেশের মানুষ। ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার। এছাড়া দিনভর রয়েছে ভাষার গান, কবিতা, নাটক, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন।
বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল।
পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
রাজশাহীতে রাজশাহী কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ সর্বস্তরের মানুষ।
ময়মনসিংহে প্রথম প্রহরে টাউনহল শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মতিউর রহমান ও সংসদ সদস্য ফাতেমা জোহরা রানী।