নওগাঁর রানীনগর স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো ২ জন।
নিহতরা হলেন: দিনাজপুরের চিরিরবন্দরের বড়হাসিমপুর গ্রামের জাহাঙ্গীর আলম, পার্বতীপুর উপজেলার মুনির হোসেন, নওগাঁ সাপাহার উপজেলার আমিনুল ইসলাম ও পঞ্চগড় বোদা উপজেলার আপেল মাহমুদ। এ ঘটনায় আহত হন আরিফুল ইসলাম ও মোতালেব হোসেন।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, বুধবার ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থাকা ছয় যাত্রী রানীনগরে স্টেশনের সামনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ২ জন।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।