সিলেটের কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় মাটি ধসে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুরের মতিউর রহমান (৩০) রুহুল মিয়া (২২), ছলেরবন গ্রামের আশিক আলী (৩০), জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে মাটি ধসে চাপা পড়েন তারা।
স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর ও রুহুল মিয়ার এবং সোমবার সকালে আশিক ও আতাবুরের মরদেহ উদ্ধার করেছে।
এছাড়া দুর্ঘটনার পরপর আহত রকিবুল, ফিরোজ আলী ও রুহেলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত এ তিন জনের বাড়ি সুনামগঞ্জের মলিকপুরে।
কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।