সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকায় মঙ্গলবার দুই দলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু'জন নিহত হয়েছেন।
এসংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১০ নম্বর রোডে গিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার টেলিখাল ইউপির চেয়ারম্যান আলফু মিয়ার লোকজনের ওপর হামলা চালায় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৩ নম্বর রোডের বাসিন্দা গৌছ মিয়ার লোকজন। এতে ৫ জন আহত হন।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে ৩ নম্বর রোডে গিয়ে গৌছ মিয়ার লোকজনের ওপর হামলা চালায় আলফু মিয়ার লোকজন। এ সময় তাদের সঙ্গে দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। সংঘর্ষে বাবুল মিয়া ও মাসুক মিয়া নামের দু'জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা দু'জনই গৌছ মিয়ার ভাগ্নে বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাক মিঞা বলেন, সংঘর্ষে দু'জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে— ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।