বগুড়া থেকে নব্য জেএমবি'র শীর্ষ দুই জঙ্গি নেতাকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়।
সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খান বলেন, হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি। সে ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানতে পারে। সাগর পুরনো জেএমবি’র সদস্য। ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর হাত ধরে নব্য জেমবিতে যোগ দেয় সে। নব্য জেএমবিতে সে বোমা তৈরির কারিগর হিসেবেও পরিচিতি ছিল।
তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়া আকরাম হোসেন নিলয় নব্য জেএমবির অন্যতম শীর্ষ একজন অর্থদাতা। গুলশান হামলার পর থেকে নব্য জেএমবিকে সংগঠিত করতে চেষ্টা করে আসছিলো সে। সংগঠনে সে ‘স্লেড উইলসন’ এবং ‘জ্যাক স্পেরো’ নামেও পরিচিত ছিল।