জেলার খবর

সারাদেশে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ৮ জনের প্রাণহানী

 সারাদেশে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ৮ জনের প্রাণহানী
সারাদেশে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ৮ জনের প্রাণহানী

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রাঘাত, শিলা ও বিদ্যুতের তারে জড়িয়ে বিভিন্ন জায়গায় প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল পর্যন্ত সারাদেশে বজ্রসহ আরও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মঞ্জুর হোসেন বলেন, এটা কালবৈশাখীর মৌসুম। এখন ঘন ঘন এ ঝড় হানা দিতে পারে।

কালবৈশাখীর কারণে নদীবন্দরগুলোতে সব নৌযানকে সাবধানে চলাচলের সতর্কতা দেয়া হয়েছে। হালকা বৃষ্টিতে অস্বস্তিকর গরমের রেশ কাটলেও কয়েকদিন পর ফের তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি।

শুক্রবার সকালে লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী; দুপুরে দিনাজপুর, বিকালে ঢাকা, পাবনা, গাইবান্ধা, সিলেট এবং সন্ধ্যায় যশোর ও মাগুরায় ঝড় ও শিলাবৃষ্টি হয়।

দিনাজপুরের পার্বতীপুরে শিলার আঘাতে সৈয়দ আলী (৫৫) ও মাগুরা সদর উপজেলায় আকরাম হোসেন (৩৫) নামে দুই কৃষক, পাবনার ঈশ্বরদীতে জমেলা খাতুন (৫৫), সিলেটের ওসমানীনগরে সাবিয়া বেগম (৩০) এবং হাসান আহমদ নামে দেড় বছরের এক শিশু এবং যশোরের অভয়নগরে লাইজু খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। এ ছাড়া রংপুরের তারাগঞ্জে নয়া মিয়া (২৫) ও বদরগঞ্জে শামীম মিয়া বজ্রপ্রাতে মারা যান। কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি এতটাই ভয়াবহ ছিল যে, অনেক ঘরের চাল ফুটো হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, এত বড় শিলা তারা কখনও দেখেননি। বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর মধ্যে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক আলী মুসা রয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সিলেট নগরী ও সুনামগঞ্জে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিসেবা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তায় ও রেললাইনে গাছ ভেঙে পড়ে অনেকক্ষণ বন্ধ ছিল সড়ক ও রেল যোগাযোগ।

বিকেলে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে ধূলিঝড়ে দুর্ভোগে পড়েন পথচারীরা। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তায়। হঠাৎ হাওয়ায় ফুটপাতের অনেক দোকানের পলিথিন উড়ে যায়। এ সময় যান চলাচলেও বিঘ্ন ঘটে। পথচারীরা দোকানের ছাউনি, অফিস বা রাস্তার পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেন।

সিলেট : সিলেটের ওসমানীনগরে কালবৈশাখীর কবলে পড়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, গতকাল ঝড়ের সময় তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসা সাবিয়া বেগমের ওপর উড়ে আসা টিনের চাল পড়লে তার মৃত্যু হয়। সাবিয়া পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের খালিছ মিয়ার স্ত্রী। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর রংবরং গ্রামের সুমন মিয়ার দেড় বছরের সন্তান হাসান আহমদ পুকুরের জলে ডুবে মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে নগরীতে অসংখ্য গাছপালা, বিলবোর্ড ভেঙে পড়ে। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে গতকাল সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পুরো নগরী। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হলেও লো-ভোল্টেজ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঝড়ের সময় বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে নগরীর কাজীবাজার ব্রিজে চটপটির ভ্যান উড়ে এসে যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মুসার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গতকাল দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হয়েছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, নগরীর সুবিদবাজার এলাকায় ১১ কেভি সঞ্চালন লাইনের ওপর টিনের চালা পড়ে তা ছিঁড়ে যায়। এ ছাড়া কুমারগাঁওয়ে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এগুলো মেরামতের পর গতকাল সকাল থেকে নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।

রংপুর :গতকাল ঝড়ের সময় তারাগঞ্জ ও বদরগঞ্জে বজ্রপাতে শামীম মিয়া ও নয়া মিয়া নামে দুই ক্ষেতমজুর মারা যান। এদিন রংপুর নগরী ছাড়াও গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। বিশেষ করে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার নুরুর রহমান জানান, ঝড়ে কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় পরিসেবা ব্যাহত হয়েছে।

দিনাজপুর :গতকাল দুপুরে ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে পার্বতীপুর উপজেলায় হাজার হাজার ঘরবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। দুপুরে চণ্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামে ক্ষেতে কাজ করার সময় শিলার আঘাতে মারা যান কৃষক সৈয়দ আলী। কৃষকরা জানান, ঝড়ে বোরো ধানের ক্ষতি না হলেও সবজির ক্ষতি হয়েছে। মারা গেছে বিভিন্ন প্রজাতির পাখি।

পাবনা :ঈশ্বরদীতে শিলার আঘাতে জমেলা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমিলা কামালপুর গ্রামের মৃত দেলবার হোসেনের স্ত্রী। এ ছাড়া সুজানগর ও চাটমোহর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শতাধিক নারী-পুরুষ।

যশোর : অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে গতকাল কালবৈশাখীতে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে লাইজু খাতুন নামে এক কলেজছাত্রী মারা গেছেন। এ সময় নওয়াপাড়া গ্রামের ফাতেমা বেগম ও প্রেমবাগ গ্রামের কলেজছাত্রী ঐশী খাতুন আহত হয়েছেন। লাইজু খাতুন যশোর আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

মাগুরা :মাগুরায় ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে আকরাম হোসেন নামে এক কৃষকের মৃত্যু এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ো বাতাসে গাছপালা ও অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বড় বড় আকারে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় সদর উপজেলার ডহরসিংড়া গ্রামের আকরাম হোসেন স্থানীয় বিলের ক্ষেতে কাজ করা অবস্থায় বড় আকারের শিলার আঘাতে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী খবর পেয়ে তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ :গতকাল ঝড়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্বম্ভরপুর এলাকায়। সুনামগঞ্জ-ছাতকের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে গাছ উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এ ছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা, ভাটিপাড়া ও দুর্গাপুর গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও হাওরের বোরো ধানেরও ক্ষতি হয়েছে।

রাজশাহী :জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, গতকাল বিকেলে কালবৈশাখী আঘাত হানে। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় এক মিলিমিটার। এরপর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে।

ময়মনসিংহ :বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের বিভিন্ন গ্রামে অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাত শতাধিক ঘরবাড়ি ও গাছপালা। ওইদিন রাত ৮টার দিকে সোহাগী ও আঠারবাড়ির মাঝামাঝি এলাকায় একটি গাছ উপড়ে রেললাইনে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দমকল কর্মীরা গাছ সরানোর পর ট্রেন চলাচল শুরু হয়। আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ সড়কে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া সড়কটির বেশ কয়েকটি স্থানে খুঁটি উপড়ে পড়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মুক্তাগাছা উপজেলার বিভিন্ন গ্রামে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ :গতকাল ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের কৃষক আশেক আলী জানান, শিলাবৃষ্টির কারণে আম ও লিচুর মুকুল ঝরে গেছে।

মুন্সীগঞ্জ :ঝড় ও শিলাবৃষ্টিতে ছয়টি উপজেলায় আলু, ধান এবং বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। উড়ে গেছে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ঘরবাড়ির টিনের চালা। ভেঙে গেছে শত শত গাছপালা। বিভিন্ন এলাকায় গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

লালমনিরহাট :গতকাল সকালে দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

নাটোর :বজ্রপাতে নাটোরের গুরুদাসপুর উপজেলা যোগেন্দ্রনগর গ্রামের ছয়জনসহ বিভিন্ন এলাকার ৯ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় শ্রমিকরা মাঠে কাজ করছিলেন। মাঠ থেকে রসুন নিয়ে বাড়ি ফেরার পথে যোগেন্দ্রনগর রাবার ড্যাম এলাকায় বজ্রপাতে ছয় শ্রমিক আহত হন। অন্যদিকে পৃথকভাবে তিন গৃহবধূ আহত হন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও :গতকাল সকালে ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। এতে আম ও লিচুর মুকুল এবং ভুট্টার পাতা ব্যাপকভাবে ঝরে পড়েছে।

কুড়িগ্রাম :গতকাল সকালে দুই দফা শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নানা স্থানে খুঁটি হেলে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গাইবান্ধা :গতকাল দুপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ইরি-বোরো, পাট, ভুট্টা, আমের গুটি, মরিচ, বেগুন, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পদুমশহর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য আফরুজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজবাড়ী :কালবৈশাখীর আঘাতে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট পন্টুনের পকেট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘাটটি বন্ধ রাখা হয়। ঝড়ের সময় নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়।

চাঁদপুর

চাঁদপুরে দুদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নির্মিত ব্যানার, ফেস্টুন, গেইট হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সন্ধ্যায় আচমকা এই ঝড়ে হাইমচরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা জাতীয় স্কাউট সমাবেশস্থলেরও ক্ষতি হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ঝড়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের বেশ কিছু ব্যানার, ফেস্টুন নষ্ট হয়েছে। এছাড়া জনসভাস্থলের মঞ্চও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মঞ্চ ও অন্যান্য জিনিসপত্র দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর বলেন, ঝড়ের কবলে পড়ে জাতীয় স্কাউটে অংশ নেয়া ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এবং সিলেটের সুরমা স্কুলের তিন শিক্ষার্থী আহত হয়ে হাইমচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ক্যামব্রিয়ানের নীরা ও মিম এবং সিলেট সুরমা স্কুলের সামাদ আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাইমচর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান।

আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর আসছেন। ওই দিন তিনি হাইমচরে সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করবেন। বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তড়িঘড়ি তীরে ভেড়ানোর পর একটি যাত্রীবাহী লঞ্চ তলা ফেটে আংশিক নিমজ্জিত হয়েছে। আগেভাগে যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‘এমভি মমতাজ’ নামের ওই লঞ্চে ছয় শতাধিক যাত্রী ছিল জানিয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আল্লাহর রহমতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যাত্রীরা লঞ্চটি নিমজ্জিত হওয়ার আগেই ষাটনল লঞ্চঘাটে নেমে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ