নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে থাকে না— আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী আর বিএনপি ক্ষমতায় আসলেই হয় দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং চাঁদপুরের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে জেলা স্টেডিয়াম থেকে ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন। দীর্ঘ ৮ বছর পর চাঁদপুর সফর করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘ধিক্কার জানাই বিএনপি ও খালেদা জিয়াকে, যারা ওই স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিল এদেশের পতাকা। অবশ্য তাদের লজ্জা-শরম কম, তারা নিজেরাইতো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সেবা করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করছি। নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফেরে না। বাঙালি মাতৃভাষার অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ দেশ গড়ে তোলে, উন্নয়ন করে। কিন্তু তারা ধ্বংস করে, লুটে খায়। সন্ত্রাস, বোমা হামলা, গ্রেনেড হামলায় তারা পারদর্শী। তারা মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে।’
তিনি বলেন, পঁচাত্তরের পর যারাই ক্ষমতায় এসেছিল, কেউ-ই উন্নয়ন করেনি। নিজেরা লুটপাট করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে। এবার তত্ত্বাবধায়ক সরকারের করা মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছানো। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি, এমনকি উচ্চশিক্ষায়ও বৃত্তি দিচ্ছি। মায়েদের মোবাইল ফোনে বৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে।
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ মোবাইল ফোন সবার হাতে হাতে। আওয়ামী লীগই সবার হাতে হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। এখন প্রবাসে আত্মীয়-স্বজন ছাড়াও স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন সবাই। কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি। এখন আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করবো, জেলায় জেলায় আইটি পার্ক হবে। সেখানে কর্মসংস্থানও হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছি। গ্রামের মানুষের উন্নয়নে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি বলে জানান তিনি।
এর আগে সকালে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রোববার চাঁদপুরের হাইমচরের বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাইমচরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানান তিনি।
দীর্ঘ আট বছর পর চাঁদপুর গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সার্বিক প্রস্তুতি। সকাল ১১টায় হেলিকপ্টারে করে হাইমচরে পৌঁছান তিনি। সেখানে চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই জনসেবার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে নতুন প্রজন্মকে আগামীতে দেশের নেতৃত্ব দিতে হবে।
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাস-মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোড় দেন তিনি।
এছাড়া স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান আছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী স্কাউট কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।