নোয়াখালীর হাতিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শিশু নীরব উদ্দিন (১০) নিহত ও তা বাবা মিরাজ উদ্দিন (৪৫) আহত হয়েছে।
নীরব হাতিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের মিরাজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। গুলিবিদ্ধ অবস্থায় মিরাজ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মিরাজ উদ্দিন জানান, গত পৌরসভা নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদের পক্ষে কাজ করেন। তখন থেকেই সংসদ সদস্য আয়শা ফেরদৌসের অনুসারীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়।
রোববার রাত ৮টার দিকে ডালিম, জুয়েল, কাইউম, মুরাদ বেচু, মহিন ও জিন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।
এ সময় মিরাজ ও তার ছেলে নীরব গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর নীরবকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিরাজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।