ঢাকার ধামরাই ও রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন।
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার তিন ডাকাত নিহত হয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, বিকেল ৪টার দিকে উপজেলার কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
তিনি জানান, গোপনে খবর আসে, ১০/১২ জন ব্যক্তি ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়ে কেলিয়া এলাকায় অবস্থান করছে। এসময় র্যা ব ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
এছাড়া ঘটনাস্থল থেকে পিস্তল-চাপাতিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
তিনি চরমপন্থী সদস্য বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন বৈঠকের খবর পেয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানার বালুঘাট এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে চরমপন্থীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে চরমপন্থী সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে সাইদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুলের বিরুদ্ধে পাবনা থানায় হত্যা ও অপহরণসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।