রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীবের পর এবার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হৃদয় মিনার নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাহু থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে হৃদয় টুঙ্গীপাড়া এক্সপ্রেসে করে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
আহত হৃদয় মিনার (৩০) সদর উপজেলার কাড়ারগাতী গ্রামের রবিউল মিনার ছেলে।
ওই বাসের যাত্রী ছিলেন ঢাকার ইডেন কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী রাহিমা মনি বলেন, বাসের একেবারে পেছনে ডান পাশের ছিটে বসে ছিলেন হৃদয়। বাসটি বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় বাস ও ট্রাকের পেছনের অংশের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হৃদয়ের বাহু থেকে ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সরদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়েছে।
ট্রাকটি বেপরোয়া গতিতে বাসকে অতিক্রম করছিল জানিয়ে রাহিমা বলেন, ট্রাকটি বাসের পেছনে সজোরে আঘাত করে। ট্রাকচালকের দোষেই তার হাত বিচ্ছিন্ন হয়েছে।
বাবা রবিউল বলেন, হৃদয় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের অন্য একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত।
এর আগে গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। গতকাল রাতে মারা গেছেন সে।