রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর খবর পেয়ে খবর সংগ্রহ করতে গেলে বৃহস্পতিবার দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ক্লিনিকের স্টাফরা। এ সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নগরীর জনসেবা ক্লিনিকে চার বছরের শিশু বাবুকে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার অপারেশনের পর থেকে শিশুটিকে তার বাবা-মাকে দেখতে দেওয়া হয়নি। এতে চিকিৎসা গাফিলতির জন্য শিশুটির মৃত্যু হয় বলে সন্দহ করে শিশুটির স্বজনরা।
এ বিষয়ে খবর সংগ্রহ করতে বুধবার রাতে সাংবাদিকেরা ক্লিনিকে গেলে কর্তৃপক্ষ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে সেখানকার স্টাফরা তাদের মরধর করে।
এতে এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশা ওসমানী ও ক্যামেরাম্যান একে এম সুমন আহত হয়। ভাঙচুর করা হয় তাদের ক্যামেরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
গুরুতর অবস্থায় ক্যামেরাম্যান সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, চিকিৎসা অবহেলায় শিশুটি মারা গেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।