সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হলের ব্যালকনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র মহসিন আবাসিক হলের ছয় তলায় নিজের রুম থেকে অন্য রুমে যাচ্ছিল। এসময় সে ছয়তলার উপর থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায়, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
এদিকে, ক্যাম্পাসের এ্যাম্বুলেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে মহসিনকে হাসপাতালে নেয়া যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।