মাইক্রোবাস চালক হত্যার বিচার ও অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে তিন পার্বত্য জেলায় হরতালের ২য় দিন পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।
হরতালের কারণে সোমবার সকাল থেকে রাঙামাটিতে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, পার্বত্য বাঙালি পরিষদের একাংশের ডাকে চলা হরতাল প্রত্যাহার হলেও সংগঠনের কেন্দ্রীয় কমিটির ডাকে খাগড়াছড়িতে হরতাল চলছে।
মাইক্রোবাস চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা হরতাল পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। ৭২ ঘণ্টার এ হরতালের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। হরতাল সমর্থকরা সদর উপজেলা পরিষদের সামনের সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
এছাড়া হরতালের ২য় দিনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরেও সিএনজি চালিত অটোরিকসা চলছে না। রাঙামাটি থেকে বিভিন্ন উপজেলায় সব ধরণের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হরতালে নাশকতা ঠেকাতে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও সংস্কারপন্থী জেএসএসের নেতা শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুলিতে খুন হন ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন।
এদিকে তপন চাকমার মৃত্যুর তিনদিনের মাথায় জলেয়া চাকমাকে সভাপতি ও উজ্জল কান্তি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে দলটি।