শেরপুরে, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ নয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকাল আটটার দিকে জেলার নালিতাবাড়ীর দশম শ্রেণীর ছাত্রী শারমিন প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘষণা করেন।
এছাড়া, সদর উপজেলার আব্দুর রহিম, নকলা উপজেলার শহিদুল ইসলাম এবং শ্রীবর্দী উপজেলায় কুব্বত আলী নামে আরো তিন কৃষক বজ্রপাতে মারা যায়। তারা প্রত্যেকেই মাঠে কাজ করছিলো।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা গ্রামে মফিজ মিয়া নামে এক ব্যাক্তি হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা আরো তিনজন গুরুতর আহত হন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর বাড়ির পাশে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় অষ্টম শ্রেণি পড়ুয়া আব্দুস সামাদ।
এদিকে, হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় হাওড়ে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে এক কৃষক মারা যান।