মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে প্রতিরক্ষা বাঁধ আর কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুই দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের ৫ টি জায়গায় মনু নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
এতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। মনু নদীর পানি বিপদসীমার ১৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ধলই নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর, সুনানন্দপুর, বাসুদেবপুর; রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এবং আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা স্থানের ধলই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙ্গে গেছে। এতে তিনটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘরবাড়ির সঙ্গে তলিয়ে গেছে আউস ধান, সবজির ক্ষেত। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।