নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের সঙ্গে যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার ধলাগাছ এলাকায় আহমদ প্লাইউড কারখানার কাছে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও ১৪, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা এবং চওড়া ইউনিয়নের নতিবাড়ি চৌরঙ্গি এলাকার বাসিন্দা।
জানা গেছে, দিনাজপুরের স্বপ্নপুরী থেকে নীলফামারি ফেরার পথে ধলাগাছ এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আট জন মারা যান। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও ২জনের মৃত্যু হয়। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর গুরুতর আহত ৬ জনকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, পিকআপটিতে ২৭ জন যাত্রী ছিলেন।
ঈদ উপলক্ষে আনন্দ করতে পিকআপে করে তারা দিনাজপুরের স্বপ্নপুরী গিয়েছিলেন। তাদের বয়স ১৬-২০ বছরের মধ্যে।