পাবনা বেড়া উপজেলায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, বুধবার ভোরে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তুহিন নামের ২২ বছর বয়সী সেই যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নিহতরা হলেন- তুহিনের মা বুলি খাতুন (৪৮), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম খাতুন (৫০)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার ভোরে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ছোট ভাই তুষার ও খালাকে কুপিয়ে হত্যা করে।
এ সময় চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আশিসের এ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী রুনা আকতার দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।