দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের’ দ্বিতীয় ব্যাচে কংক্রিট ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল (শনিবার) পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পাবনা পুলিশ লাইন মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
জনসভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেল লাইনসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
একদিকে 'ঈশ্বরদী-পাবনা-ঢালারচর'রেলপথের উদ্বোধন, অন্যদিকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আলোয় সারাদেশ আলোকিত করার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবারের পাবনা সফর।
আর তাই পাবনাবাসির মধ্যে উচ্ছ্বাস একটু বেশি। তারওপর জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর দলের স্থানীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।
পাবনা জেলার চারদিকে সাজ সাজ রব। মঞ্চ তৈরি, তোরণ নির্মাণ, আলোকসজ্জা, রাস্তা ও সার্কিট হাউজ সংস্কারের পাশাপাশি সৌন্দর্য্য বর্ধণের কাজ প্রায় শেষ।
পাবনা পুলিশ লাইন মাঠে আওয়ামী লীগের জনসভা সফল করতে জেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রস্তুতি সভাও শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী সফর উপলক্ষে নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এ সফর পাবনার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি আর নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে যোগ বিয়োগের হিসাব কষছেন অভিজ্ঞজনেরা।