সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জন মারা গেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন।
স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার পানিতে কাদাই গ্রামে একটি টঙ দোকান ডুবে যায়। দুপুরে স্থানীয় ১০-১২ জন দোকানটি উঠিয়ে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিলেন। এসময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার দোকানটির টিনের চালার ওপর পরে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করা হয়।
তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট জনকে মৃত ঘোষণা করেন।
তাদের মধ্যে চারজন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও তিনজন ছাত্র।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।
এঘটনায় জেলা প্রশাসক কামরুন নাহান সিদ্দিকা নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।