পরিবহন মালিকদের দ্বন্দ্বের জের ধরে চুয়াডাঙ্গায় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে।
ধর্মঘটের কারণে আজও সকাল থেকে চুয়াডাঙ্গার বাস স্ট্যান্ড থেকে কোন বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে জেলা থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে পটুয়াখালী রুটে রয়েল পরিবহনের দুটি বাস চলাচলের অনুমোদন পায়। কিন্তু এ নিয়ে ঝিনাইদহে সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে বাস দুটি চলাচলে বাধা দেয়। এরই ধারাবাহিকতায় রয়েল পরিবহনের ঢাকাগামী সবকটি বাস ঝিনাইদহের ওপর দিয়ে চলাচল ও কাউন্টার বন্ধ করে দেয়।
বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এ ধর্মঘট পালন করছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।