নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার অদূরে সোমবার শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক আজাদ হোসেন (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নুর ও নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ মহাউদ্দিন বলেন, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নাটোরের বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
এ সময় কমপক্ষে ১৬ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। পরে শ্যামলী পরিবহনের চালক আজাদ হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়াও গুরুদাসপুরে অটোরিক্সা চাপায় এক শিশু মারা গেছে। এদিকে, দিনাজপুরের বিরলে ট্রাক চাপায় এক পথচারির মৃত্যু হয়েছে।