গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০ টার পর বঙ্গবন্ধুর সমাধি-সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এদিকে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সঙ্গে ফাতেহা পাঠ ও মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশ নেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর বঙ্গবন্ধু সমাধি-সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ আরও অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সীমানা মুকসুদপুর থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এবং ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিস্থল পর্যন্ত পাঁচ শতাধিক কালো-কাপড়ে মোড়ানো তোরণ নির্মাণ করা হয়েছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে কালো পতাকা টাঙানো হয়েছে।
জাতীয় শোক দিবসে শ্রদ্ধাবনত চিত্তে বাংলাদেশ স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় শোকাবহ দিনটি।
এদিকে, বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা- উত্তোলন করা হয়েছে কালো পতাকা।