পার্বত্য জেলা খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের নেতাকর্মীসহ সাতজন নিহতের ঘটনায় পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। রোববার নিহতদের সমাহিত করার প্রস্তুতি চলছে।
গতকাল খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের নেতাকর্মীসহ সাতজন নিহতের ঘটনায় জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ইউসুফের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে ১৫টি কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওই সহিংসতার পর জেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে সেনা টহল।
ইউপিডিএফ এই হামলা-হত্যার ঘটনায় সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করলেও তারা তা স্বীকার করেনি।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০ আগস্ট খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।