পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চরম দুর্ভোগে পড়েছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ। ঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সোমবার বিকল্প চ্যানেল ব্যবহার করা হলেও তাতে ছয় ঘন্টারও বেশি সময় ব্যয় হওয়ায় আগের চ্যানেল দিয়েই চলছে ফেরিগুলো। ছোট, মাঝারি ও ডাম্ব ফেরি নদীর তলদেশ ঘেষে ধারণক্ষমতার চেয়ে হালকা যানবাহন নিয়ে চলাচল করছে। ফেরিতে অচলাবস্থার কারণে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভীড় বেশি। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
এদিকে, এ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় অপেক্ষায় আছে কয়েকশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।
আর নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।