চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনে বৃহস্পতিবার বাসের ধাক্কায় সিএসজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন, অটোরিকশা চালক জামাল (৪০) ও আরেকজন আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত পরিচয়ের নারী। আহতরা হলেন, নাসির উদ্দিন (৪০), গোলজার বেগম (৩০) ও মালেকা বেগম (৩০)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুরাতন বাকলিয়া থানা এলাকা দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে সিএসজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় আনোয়ারাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনের মৃত্যু হয় আর আহতদের চিকিৎসা চলছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, আনোয়ারা রুটের চট্ট মেট্রো জ-১১৭২৩ নম্বরের বাস ও সিএনজি অটোরিকশার (চট্ট মেট্রো থ-১১-৮০৬০) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ইয়াসিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।