পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থি নেতা আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার মধ্যরাত ৩টার দিকে সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি রিভালবার, ৪ রাউন্ড ২২ বোরের গুলি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড কার্তুজের খোসা।
পুলিশের দাবি, নিহত আবুল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল লাল পতাকার পাবনা জেলা কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৯টি মামলা রয়েছে।
আবু নকশাল সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩০ সেপ্টেম্বর আবুল হোসেন ওরফে আবুলকে পূর্ব রাঘবপুর থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তার সহযোগিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ মজুদ রয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য সোমবার রাত ৩টার দিকে অভিযানে বের হয় পুলিশ।
পুলিশের এ দল সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছানো মাত্র আবুলকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এর মাঝে আবুল ওরফে আবু কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ ও দুষ্কৃতিকারীদের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।