গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় এক সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা বর্ণনায় জানা যায়, রাতে পঞ্চগড় থেকে ভাইবোন নামের একটি যাত্রীবাহী মিনিবাস মৌলভীবাজার (ব০০৪৪) তেঁতুলিয়া যাচ্ছিল। এসময় তেতুলিয়া উপজেলা থেকে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাকের (ঢাকা মেট্রো চ ০১৩০ ) সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের একটি অংশ দুমরে মুচরে নিশ্চিহ্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশু ও এক নারীসহ ৩ জন মারা যান। আরও ২ জন মারা যান রংপুর নিয়ে যাওয়ার পথে।
খবর পেয়ে পঞ্চগড় এবং তেঁতুলিয়ার দমকল বাহিনীর দুইটি ইউনিট, পুলিশ, বিজিবিসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ আক্কাস আলী দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।