ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধের আলাদা দুটি ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আবদুল্লাহ কাফি (৩১) ও সদর উপজেলার কালিবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে আলমগীর হোসেন (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি শাহ্ কামাল হোসেনের দাবি তারা মাদক বিক্রেতা।
তিনি বলেন, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন , তাদের নামে একাধিক মামলা রয়েছে।
ওসি কামাল বলেন, মুক্তাগাছা উপজেলার রসুলপুর-কাঠালিয়া ঝইল ব্রিজের কাছে গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালান। এ সময় একদল সন্ত্রাসীকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।
সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে কাফিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, এছাড়া সদর উপজেলার সাহেব কাচারী বাজারের দরিয়াপুর মাঠের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে তারা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানান ওসি।