জয়পুরহাটের আরামনগর মহল্লার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বুধবার শিশুসহ একই পরিবারের আট ৮ জনের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিরা হলেন: দুলাল হোসেন (৭১), তার স্ত্রী মোমেনা বেগম (৬৫), তাদের ছেলে আব্দুল মুমিন (৩৭), মুমিনের স্ত্রী পরিনা বেগম (৩০), মুমিন-পরিনার মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি (১৩), তাদের যমজ সন্তান হাসি ও খুশি (১২) এবং তাদের ছেলে আব্দুর নূর (৬)।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) রশিদুল হাসান বলেন, রাতে রাইস কুকারে রান্নার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে দুলালের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে মোমেনা, মুমিন ও বৃষ্টির পোড়া মৃতদেহ উদ্ধার করে।
সে সময় দগ্ধ অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার জনের মৃত্যু হয়। বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।