নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সারাদেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। বুধবার সকাল থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার তৃতীয় দিনে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সমর্থকদের নিয়ে সকাল থেকেই মাঠে নেমে পড়েন প্রার্থীরা।
চট্টগ্রাম-১২ আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী। নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম-১১ আসনের পশ্চিম মাদারবাড়ি এলাকায় প্রচার-প্রচারণা চালান বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে চট্টগ্রাম-৮ এর চান্দগাঁও-বোয়ালখালী আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। নগরীর বহদ্দারহাটের হক মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরুর সময় সবাইকে ভয়, শঙ্কা ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এদিকে, খুলনায় ভোর থেকেই প্রচারে নামেন প্রার্থীরা। খালিশপুরে নির্বাচনী প্রচারণা করেন খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী বেগম মুন্নুজান সুফিয়ান। গোয়ালখালী, নয়াবাটি, মুন্সীবাড়িসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ করেন নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে। শুভেচ্ছা বিনিময় করেন এলাকাবাসীর সঙ্গে।
আর যশোরের পাড়া মহল্লায় গণসংযোগ করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতিসহ লিফলেট বিতরণের পাশাপাশি সভা সমাবেশও করেন তারা। যশোর-৩ আসনের জন্য সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে পথসভা করে নৌকা প্রতীকে ভোট চান এ আসনের প্রার্থী কাজী নাবিল আহমেদ।
যশোর ৬ আসনের জন্য শহরের মুজিব সড়ক, দড়াটানাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের পক্ষে লিফলেট বিতরন করে সবার কাছে ভোট চান আইনজীবীরা।
এছাড়াও গণসংযোগের অংশ হিসেবে বগুড়া ৫ আসনে কর্মী সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশ থেকে দলের প্রার্থী হাবিবুর রহমানকে জয়ী করতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান স্থানীয় নেতারা।
চাঁদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর ৩ আসনের প্রার্থী ডাক্তার দীপু মনি। এসময় তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এদিকে, নড়াইল ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তি গোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা করেন। নৌকাকে জয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।