নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষ চলছেই। নেত্রকোণার আটপাড়ায় আওয়ামী লীগের মিছিলে পেট্রোলবোমা হামলায় ৭ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নির্বাচনী সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আটপাড়া উপজেলা সদরের ইটাখলা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে মিছিল বের হলে তাতে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী আহত হন। তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি প্রার্থী শরীফুল আলমের নির্বাচনী সমাবেশ চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শরীফুল আলম ও এসআই আহসানসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
নির্বাচনী সমাবেশের কাছ দিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। পরে পুলিশও পাল্টা হামলা চালায়।
আর বিএনপি প্রার্থী শরীফুল আলমের অভিযোগ, নির্বাচনী সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই সমাবেশে হামলা চালিয়েছে।