নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় বুধবার চার তলা ভবনের তৃতীয় তলায় গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আগুনে আর দগ্ধ হয়েছেন : শ্রীনাথের স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।
আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে পোশাক তৈরির দোকানের মালিক শ্রীনাথ চন্দ্র বর্মণ বলেন, ভোরে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালিতে আগুন ঢোকে। এতে শ্বাসনালি পুড়ে যায়। দগ্ধ অবস্থায় সকালে ৯ জনকে হাসপাতালে আনা হয়।