ভোটের দিন যতোই এগিয়ে আসছে- বৈরি আবহাওয়াতেও ততোই বাড়ছে নির্বাচনী উত্তাপ। দেশজুড়ে প্রার্থীদের দিন-রাত প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। ভোটারদের মন জয় করতে চলছে, গণসংযোগ, পথসভা, মাইকিং। নির্বাচনী এলাকগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, আর ফেস্টুনে। নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারের মন জয়ের চেষ্টা।
শুক্রবার সাপ্তহিক ছুটির দিনে সকাল থেকেই প্রচারণায় নামেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা।
পিরোজপুরের ৩টি আসনেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার অলিগলি। সভা-সমাবেশ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা।
চট্টগ্রাম-১০ আসনে নৌকা প্রতীকে জাসদ সভাপতি মঈনুদ্দিন খান বাদল গণসংযোগ করেন। সকালে কালুরঘাট ব্রিজ এলাকা থেকে শুরু করে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এছাড়া প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু মহানগরীর ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালান।
ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। সকালে সালথা উপজেলার সদর বাজার এলাকায় লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট চান তিনি। একই আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ রিংকু ফুলবাড়িয়া ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গাজীপুর-২ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি'র প্রার্থী জিয়াউল কবির খোকনের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। জয়দেবপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পক্ষে মিছিল হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুব লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ময়মনসিংহ-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডা. কে আর ইসলাম গণসংযোগ করেছেন। সকালে ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
ঢাকা-১৯ আসন সাভারেও চলছে নির্বাচনী প্রচারণা। সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জাতীয় পার্টির প্রার্থী হাজী আবুল কালাম আজাদ তার কর্মী-সমর্থকদের সঙ্গে প্রচারণা চালান। এ সময় ভোটারদের কাছে ভোট চান তিনি।
শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী নকলা উপজেলায় গণসংযোগ করেন। এসময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান।
এদিকে, নেত্রকোনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলার সালতি বাজার, যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি এস আইয়ুব বাঘারপাড়া উপজেলায়, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জহুরুল হক প্রচারণা চালান।
এছাড়া, দিনাজপুর, কুমিল্লা, জামালপুরসহ দেশের অন্যন্যো নির্বাচনী আসনগুলোতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।