পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর থানার গাছবান এলাকায় বাড়িতে ঢুকে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রামগড়ে জনসংহতি সমিতি-এমএন লারমা গ্রুপের নেতাকে খুনের পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটলো।
পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ কর্মী রনি ত্রিপুরা ২ নম্বর গাছবান এলাকায় বসবাস করতেন। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা আইন-শৃঙ্খলা বাহিনীর।
ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা ঘটনার জন্য জনসংহতি সমিতি-এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে তারা।
এর আগে গত ১৪ জানুয়ারি জেলার রামগড়ে জনসংহতি সমিতি-এমএন লারমা গ্রুপের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহন ত্রিপুরাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।