ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী-বিএসএফের গুলিতে জেনারুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মিনাপুর সীমান্তের ৩৫৪/১ এস নং সীমান্ত পিলারের কাছে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা।
জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের তোফা মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১ এস নং পিলারের পাশ দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে।
এসময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। অবস্থা বেগতিক দেখে অন্যরা পালিয়ে আসে।
৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, জেনারুলকে হত্যার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে ফেরত দেয়ার কথা রয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন।