ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি এলাকায় সোমবার বাস, ট্রাক ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
নিহতরা হলেন: ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। আর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক স্থানীয় আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। পরে আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সাতজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।