কক্সবাজার পৌরসভার ফাতের ঘোনা এলাকায় ৭৮ একরের একটি পাহাড় দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে পাহাড়টিতে গড়ে ওঠা শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি।
মঙ্গল ও বুধবার কক্সবাজার জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এর নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক লুৎফুর কবির চন্দন। ওই পাহাড়ের অন্তত ২০ টি স্থানে পাহাড় কাটা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। উচ্ছেদের পর প্রাথমিকভাবে সেখানে চারশরও বেশি বিভিন্ন গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো বনায়ন করা হবে।
এছাড়া পাহাড়টি যাতে পুণরায় বেদখলে যেতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হবে। কক্সবাজারের যেসব স্থানে সরকারি পাহাড় দখল করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে, সেসব বাড়ি ঘর উচ্ছেদ করার পাশাপাশি অবৈধ দখলে যাওয়া পাহাড় উদ্ধার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।