খুলনার ডুমুরিয়ায় সোমবার পিকনিকের বাস উল্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
পুলিশের উদ্ধিতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরো ৩০ শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর সদরের শ্যামনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিকনিক করতে ৩টি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিল।
এদিকে, দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন।
নিহতরা হলেন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫)এবং চালক আবদুল্লাহ সরকার (৩৫)।
ভবেরচর পুলিশ হাইওয়ে পরিদর্শক (ট্রাফিক) জহিরুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত ও একজন আহত হন।
কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।