ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে মঙ্গলবার কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
নিহতরা হলেন: আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। আর নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে নিজামপুর এলাকায় মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ড ভ্যানের পেছনে আটকে যায়। ওই অবস্থায় কাভার্ড ভ্যানটি প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নেয় মাইক্রোবাসটিকে। এতে মাইক্রোবাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৩ যাত্রী পুড়ে মারা যান।
তিনি আরো বলেন, ধারণা করা হয়েছিল, মাইক্রোবাসের সিলিন্ডার ফেটে আগুন লেগেছে— তবে দেখা গেছে, মাইক্রোবাসের সিলিন্ডার অক্ষত রয়েছে।
এরইমধ্যে দগ্ধ ২ জন যাত্রীকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে রয়েছে মিরসরাই থানার পুলিশ এবং মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা।