জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে সমাধি-কমপ্লেক্সে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদনের সময় গার্ড অব অনার প্রদান করতে প্রস্তুতি শেষ করেছে সেনা-নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল।
সেইসঙ্গে সাংস্কৃতিক পরিবেশনার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে শিশু কিশোররা। তারা ১৭ মার্চের অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারছে বলে খুশি।
এদিকে, টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। রাষ্ট্রীয় কর্মসূচীর সঙ্গে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।
গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় শিশু দিবসের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলেই ঢাকায় ফিরবেন।