জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
তারা হলেন- কালাই উপজেলার পুনট মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আফতাব হোসেন (৪৮) ও পুনট বাজার এলাকার মাহিশ্ম পাড়া গ্রামের চারু মোহন্তের ছেলে রতন কুমার মোহন্ত (৪৩)।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
কালাই থানার ওসি আব্দুল লতিফ জানান, শনিবার রাতে উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিনফুজুর রহমান মিলনের কর্মী-সমর্থকরা পুনট বাজার থেকে মোসলেমগঞ্জ বাজারে গেলে উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় বাজারের কয়েকটি দোকানও ভাঙচুরের করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফাকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন, তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতন মোহন্ত ও আফতাব উদ্দিন মারা যান।