নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভোলায় ৩৩ জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আর মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ ও মৎস্য অধিদপ্তর।
ভোলা সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ কোনো মাছ শিকার করতে না পারে সেজন্য অভিযানে নেমেছে মৎস্যবিভাগ ও কোস্টগার্ড।
বুধবার দিবাগত রাত ৩ টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত তারা মেঘনার তুলাতলী, কোড়ারখাল, হেতনা খাল ও ভোলার খাল পয়েন্টে মাছ ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পর প্রত্যেককে একবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট, খালইস্ট ও পুলিশ লাইন্স এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশ।
এসময় দুটি সিএনজি চালিত অটোরিকসা ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকসা থেকে ২৫ মন জাটকা আটক করা হয়। এসময় মাছ ব্যবসায়ী ও চালকসহ ৫ জনকে আটক করা হয়।
পরে তাদের প্রত্যেকের ২২ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।