আন্দোলন করে নয়—আইনি প্রক্রিয়াতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব—এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজশাহী আইনজীবী সমিতির (বার ভবন) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে— যা বিএনপি-জামায়াত জোট সরকার কখনই পারেনি। এখন দেশে আর প্রতিহিংসার কোনো রাজনীতি হয় না।
বিচার প্রার্থীদের সুবিধার্থে রাজশাহীতে সার্কিট বেঞ্চ নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজশাহীতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের প্রয়োজনীয়তা থাকলে তা অবশ্যই স্থাপন করা হবে।
এর আগে রাজশাহীর আদালত চত্ত্বরে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় অ্যাডভোকেটদের দাবির পরিপ্রেক্ষিতে বরাদ্দ পাওয়ামাত্রই ভবন নির্মাণের ৩ কোটি টাকা প্রদান এবং রাজশাহী বার ভবনে লাইব্রেরি স্থাপনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ১৫ লাখ দেওয়ার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী।
এসময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা প্রশাসক এস. এম. আব্দুল কাদেরসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।