গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন মারা গেছেন।
এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে লিশ জানিয়েছে, শনিবার মধ্যরাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চার জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাট পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার এবং বাসের চালকের সহকারী লালমণিরহাট হাতীবান্ধা উপজলার দোয়ানী গ্রামের বিদ্যুৎ মিয়া।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান।
বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ওসি বলেন, বাসচালকের বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের ৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।