বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন কার্যকরসহ ৯ দফা দাবিতে তৃতীয় ধাপের তৃতীয় দিনে কর্মবিরতিসহ রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করেছে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইর্স্টাণ, কার্পেটিং ও জে জে আই জুট মিলের শ্রমিকরা সকাল ৮টা থেকে মিলের উৎপাদন বন্ধ রেখে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দেন।
কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক ও রেলপথ অবরোধ করেন। বেলা ১২টা পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
গত ১২ এপ্রিল ৯ দফা বাদিতে ৩য় দফায় ১০ দিনের কর্মসূচির ডাক দেয় পাটকল শ্রমিকলীগ। কর্মসূচির আওতায় আগামি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২২টি পাটকলে ৯৬ ঘন্টা ধর্মঘট ও সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি রয়েছে।