বাস চালককে হত্যার প্রতিবাদে দিনাজপুরসহ রংপুর বিভাগের চার জেলায় মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে সকাল ছয়টা থেকে দিনাজপুরের কোনো বাস স্ট্যান্ড থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল।
একই সঙ্গে রংপুর , ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতেও চলছে পরিবহন ধর্মঘট।
চালক জালাল উদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট চালবে বলে জানিয়েছে মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
গত ২২ এপ্রিল কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবার পথে পটিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের বাস আটক করা হয়। এর চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে ইয়াবা থাকার কথা বলে তল্লাশী চালায় তারা। পরে তাকে মারধর করে ফেলে রেখে যায় ডিবি পরিচয়ধারীরা।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।