কুমিল্লার দেবীদ্বারে মা-ছেলেসহ তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পরে স্থানীয় জনগণের গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেছ।
আজ বুধবার সকালে উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ছেলে আবু হানিফ (১২), একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, অভিযুক্ত ঘাতক মোখলেসুর রহমান মাদকাসক্ত বলে স্থানীয়রা জানিয়েছে। সকালে প্রথমে মো. শাহ আলমের ছেলে আবু হানিফকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসলে হানিফের মা আনোয়ারা বেগম, একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা এলোপাথারি কুপিয়ে আহত করলে পর্যায়ক্রমে তাদেরর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘাতক মোখলেছকে আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত এক স্কুলছাত্র ও এক নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।