বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ ওরফে সুকুমার (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার বাহিমাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)।
সনাতন চক্রবর্তী বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভবানীপুর বাজারের পূর্বপাশের একটি ব্রিজের ওপর দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হওয়ার খবর আসে। পরে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।
সেখানে গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ধনেশের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ও আফজালের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।