কক্সবাজারের টেকনাফ ও ময়মনসিংহের গফরগাঁয়ে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিনজন মাদককারবারী নিহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধের এ সব ঘটনা ঘটে।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যং কাটাখাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া কুতুপালং ৭নং ক্যাম্পের ব্লক-ই-৩ এর ২৪নং রোমের বাসিন্দা মৃত সৈয়দ হোসেনের ছেলে মোঃ সাকের (২২) এবং নয়াপাড়া মোচনী ক্যাম্পের ব্লক সি-৪ এর ২নং রোমের বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে নুর আলম (৩০)।
গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. এখলাছ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ২টার দিকে পাগলা এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সূত্রে জানা যায়, পাগলা থানা এলাকায় অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজন ডাকাত স্থানীয় চাকুয়া এলাকায় অবস্থান করছে। এরপর ডিবির টিম সেখানে অভিযান চালালে ডাকাত দল ও মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী মো. এখলাছ উদ্দিনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।