চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে র্যাব ও ডিবি পুলিশের সঙ্গে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেলেও চট্টগ্রামে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ভুজপুর থানার কোটবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
এদিকে গাজীপুর মহানগরীর সালনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
অপরদিকে কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।